পুজোর আগেই হাওড়ায় নামল বিশেষ ‘দুর্গা বাহিনী’, মহিলাদের সুরক্ষায় পুলিশের মাস্টারস্ট্রোক – এবেলা

এবেলা ডেস্কঃ
শারদোৎসবের ঢাকে কাঠি পড়ার আগেই হাওড়া শহরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে নেমেছে হাওড়া সিটি পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা টিম ‘দুর্গা বাহিনী’। ইতিমধ্যেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বাসস্ট্যান্ড এবং জনবহুল রাস্তায় এই বাহিনীর সক্রিয় নজরদারি শুরু হয়েছে। সম্প্রতি যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয়, শ্রী জৈন বিদ্যালয় এবং হাওড়া ময়দান চত্বরে টহল দেওয়ার পাশাপাশি পথচলতি মহিলা, ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন বাহিনীর সদস্যরা। উৎসবের মরশুমে উত্যক্তকরণ ও অসামাজিক কার্যকলাপ রুখতে এবং সন্দেহভাজনদের ওপর কড়া নজর রাখতেই পুলিশের এই বিশেষ উদ্যোগ।
হাওড়া সিটি পুলিশের এই ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শহরবাসী। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া এবং কর্মজীবী মহিলারা এলাকায় নিয়মিত মহিলা পুলিশ টিমকে দেখে অনেক বেশি আত্মবিশ্বাস ও নিরাপদ বোধ করছেন। প্রশাসনের মূল লক্ষ্য হলো অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, বরং অপরাধের উৎস গোড়াতেই প্রতিরোধ করা। উৎসবের আনন্দকে নির্বিঘ্ন করতে এবং শহরের নারীদের নিরাপত্তা আরও জোরদার করতে আগামী দিনগুলিতেও অন্যান্য পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয় রেখে ‘দুর্গা বাহিনী’ নিয়মিত টহল জারি রাখবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
