পুজোর মুখে বড় ঘোষণা! এবার অষ্টম শ্রেণি থেকেই মিলবে সরকারি ‘সারথি’ সাইকেল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 30, 20268:15 pm
রাজ্য সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর। আগামী শিক্ষাবর্ষ থেকেই অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ ১২.৫৯ লক্ষ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে ‘সারথি’ সাইকেল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
২০১৫ সালে রাজ্যজুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের সূচনা করা হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের নতুন নাম রাখা হয় ‘সারথি’। এতদিন সাধারণত নবম শ্রেণিতে ওঠার পর পড়ুয়ারা সাইকেল পেত। তবে এবার সেই নিয়মে বদল এনে অষ্টম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে রাজ্যজুড়ে ‘সারথি’ সাইকেল বিলির কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। সাইকেল পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। তবে এরই মাঝে মালদার চাঁচলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। চাঁচলের খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুল এবং শীতলপুর মোবারকপুর হাইস্কুলের বহু নবম শ্রেণির ছাত্র ব্লক অফিসে সারাদিন অপেক্ষা করেও সাইকেল পায়নি। শুধুমাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয় এবং ছাত্রদের খালি হাতে বাড়ি ফিরতে হয়।
এই নিয়ে ক্ষোভ ছড়ালে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়, একই দিনে বিপুল সংখ্যক পড়ুয়া উপস্থিত হওয়ায় ভিড় সামলানো সম্ভব হয়নি। আগামী বৃহস্পতিবার থেকে স্কুলেই সরাসরি বাকি ছাত্রদের হাতে ধাপে ধাপে সাইকেল তুলে দেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।
