‘প্রিয় ভারতীয় আমার স্ত্রী উষা, আর পাকিস্তানি হলেন…!’ জেডি ভান্সের কথায় হাসির রোল – এবেলা

এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন: সুইজারল্যান্ডে ইরান সংক্রান্ত এক উচ্চপর্যায়ের গম্ভীর বৈঠকে হঠাৎই হাসির রোল তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মজা করে নিজের জীবনের দুই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ভারতীয় এবং পাকিস্তানি মানুষের নাম খোলসা করলেন, যা শুনে চমকে গিয়েছেন উপস্থিত সকলেই!
কে সেই দুই ব্যক্তি?
বৈঠক শেষে সাংবাদিকদের ভান্স বলেন, “ইসলামাবাদে ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের যেভাবে স্বাগত জানিয়েছিলেন, তা মনে রেখে আমি মজা করে বলি— আমার জীবনে দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন। একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি।” তিনি হাসতে হাসতে যোগ করেন, “সেই ভারতীয় মানুষটি হলেন আমার স্ত্রী উষা ভান্স, আর পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির!”
মজার বিষয় হলো, ভান্স যখন এই মন্তব্য করছেন, তখন পাশেই উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুর রহমান আল থানি।
পাক সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ ভান্স:
স্ত্রী উষার পাশাপাশি এদিন পাক সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান, গত তিন মাসে বিশ্বের আর কোনও নেতার চেয়ে মুনিরের সঙ্গেই তাঁর সবচেয়ে বেশি কথা হয়েছে। ভান্স বলেন, “তাঁর (মুনিরের) রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা ও নেতৃত্ব ছাড়া আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তিনি নিজেকে একজন অসাধারণ কূটনীতিক হিসেবে প্রমাণ করেছেন।”
কয়েকদিন আগেই করেছিলেন কটাক্ষ:
মুনিরের এই প্রশংসা এমন এক সময়ে এল, যখন মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে চরম কটাক্ষ করেছিলেন ভান্স। ইরান শান্তি চুক্তির শর্ত প্রকাশে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, “পাকিস্তান বা কাতারে আমেরিকার মতো প্রথম সংশোধনী বা সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই।”
উষা ভান্সের ভারতীয় শিকড়:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রায়শই তাঁর ও উষার ১২ বছরের দীর্ঘ বিবাহিত জীবনের নানা গল্প সর্বসমক্ষে ভাগ করে নেন। উষা ভান্সের বাবা-মা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে ভান্স হাসতে হাসতে জানিয়েছিলেন, উষার এই ভারতীয় শিকড়ের কথা শুনে প্রথমদিকে তাঁর মায়ের কী মজাদার প্রতিক্রিয়া হয়েছিল।
