ফোন করে খুনের হুমকি! মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ
বাড়িতে হামলার ঘটনার রেশ কাটতে না কাটেই এবার সরাসরি ফোন করে খুনের হুমকি পাওয়ার অভিযোগ তুললেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে হিন্দু মৌলবাদীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট একটি অচেনা নম্বর থেকে আসা ওই ফোনকলের পরেই তোলপাড় শুরু হয়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, সুকান্ত মণ্ডল নামের এক ব্যক্তি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেন। এর আগে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটলেও এই নতুন হুমকিতে রাজ্যজুড়ে রাজনৈতিক ও আইনি মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এখন এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।
