বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলারডুবি, ট্রলারের ভেতর থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ – এবেলা

বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলারডুবি, ট্রলারের ভেতর থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ‘এফবি মা কালী’ নামক ট্রলারটির অবশেষে সন্ধান মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর যৌথ প্রচেষ্টায় রক্তচড়া এলাকার কাছ থেকে ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়। এরপর ট্রলারটিকে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে এসে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ভেতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মৎস্যজীবীদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে।

চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর ফিশিং হারবার থেকে মোট ১৫ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারটি সমুদ্রে রওনা হয়েছিল। কিন্তু নিম্নচাপের জেরে আবহাওয়া খারাপ থাকায় হঠাৎ করেই ট্রলারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ১৫ জনের মধ্যে ১২ জন পশ্চিমবঙ্গের এবং ৩ জন ওড়িশার বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে ৯ জনের দেহ উদ্ধার হলেও এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে সোমবারও সমুদ্রে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *