বছর দুয়েকের শিশুকে অপহরণ ও ভয়াবহ খুন! মালদহের ঘটনায় আটক জেঠু ও জেঠিমা – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহের গাজোলে বছর দুয়েকের এক শিশুকে অপহরণের পর চোখ উপড়ে, জিভ ও গলার নলি কেটে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। পূজোর আনন্দ ম্লান করে দেওয়া এই ঘটনায় পুলিশ নিহতের জেঠু ও জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, পঞ্চমীর দিন বেলা এগারোটা থেকে শিশুটি নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজির পর পুলিশ কুকুর ও স্থানীয়দের সহায়তায় একটি জলাশয় থেকে বস্তাবন্দী অবস্থায় তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ও পরিবারের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। উৎসবের আবহে এমন পশুবিকৃত ঘটনায় পুরো আলাল ময়না পাইকপাড়া এলাকায় তীব্র শোক ও চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত চলছে।
