“বস ছোট বিষয়ে পাত্তা দেন না!” সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা হারানো মহিলার অভিযোগে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ
সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে এক মহিলার পা বাদ যাওয়ার ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, চিকিৎসার জন্য সাহায্য চাইতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক উল্টে সাফ জানিয়ে দিয়েছেন, “বস ছোটখাটো বিষয়ে পাত্তা দেন না।”
দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা মালতী বিশ্বাসের হাঁটুর ব্যথা নিয়ে শুরু হয়েছিল বিভীষিকা। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার পর দেওয়া ওষুধ খেয়ে তাঁর ব্যথা কয়েক গুণ বেড়ে যায়। এরপরই শুরু হয় হাসপাতালের পর হাসপাতাল ঘোরার পালা। এমআর বাঙুর থেকে পার্কসার্কাস চিত্তরঞ্জন, অবশেষে ন্যাশনাল মেডিক্যালে অস্ত্রোপচারের সময় জানা যায়, ভুল চিকিৎসার কারণে ওই মহিলার পা-টিই বাদ দিতে হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁরা বহুবার এই ঘটনার বিচার চাইতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের অভিষেকের সামনে যেতেই দেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, উল্টে তাঁদের বলা হয়, এই ছোট বিষয় নিয়ে ‘বস’-এর কাছে যাওয়ার প্রয়োজন নেই।
ইতিমধ্যে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার। মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারীর মাধ্যমে মালতীদেবীর সঙ্গে ফোনে কথা বলেছেন বলে খবর। রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ের বিরুদ্ধে এর আগেও একাধিকবার চিকিৎসার গাফিলতি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলির অভিযোগ উঠেছিল, যা এই ঘটনার পর আরও জোরালো হলো।
