বাঁকুড়ায় বিজেপির জয়জয়কার, দেওয়াল থেকে মমতার ছবি মুছলেন তৃণমূলের প্রাক্তন নেতা!

বাঁকুড়া: ভোটের ফল আসতেই ভোলবদল! বাঁকুড়া জেলার ১২টি আসনেই যখন পদ্ম শিবিরের জয় একপ্রকার নিশ্চিত, ঠিক তখনই নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল বিষ্ণুপুর। প্রচার পর্বে যে নেতাকে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল, সেই প্রাক্তন তৃণমূল যুব সভাপতি সুকান্ত রায়কেই দেখা গেল নিজের হাতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়াল থেকে মুছে ফেলতে।
বিষ্ণুপুর পুরসভার সামনে নাটকীয় দৃশ্য
সোমবার দুপুরে বিষ্ণুপুর পুরসভার সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা যায়, বিষ্ণুপুর শহর তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি সুকান্ত রায় গায়ে গেরুয়া আবির মেখে হাতে সাদা রঙের বালতি নিয়ে হাজির হয়েছেন। পুরসভার সামনের দেওয়ালে তৃণমূলের যে সব গ্রাফিতি ও নেতৃত্বের ছবি আঁকা ছিল, সেখানে সাদা রং লেপে দিতে শুরু করেন তিনি। বাদ যাননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ভোটের ফল বেরোতেই ‘ভোলবদল’
নির্বাচনের আগে পর্যন্ত সুকান্ত রায়কে ঘাসফুল শিবিরের সক্রিয় কর্মী হিসেবে দেখা গিয়েছে। কিন্তু বাঁকুড়া জেলায় তৃণমূলের শোচনীয় ফলের ইঙ্গিত পেতেই তিনি কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। গেরুয়া আবির মেখে তিনি কার্যত বুঝিয়ে দিলেন যে তিনি এখন পদ্ম শিবিরের অনুগামী। তাঁর এই কাজকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল শিবিরের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।
রাজনৈতিক গুঞ্জন
বিষ্ণুপুরের স্থানীয় বাসিন্দাদের মতে, ফল প্রকাশের আগেই নেতার এমন ভোলবদল নজিরবিহীন। তৃণমূলের অভিযোগ, জেলায় পরাজয় নিশ্চিত জেনে অনেকেই এখন ‘সুযোগ সন্ধানী’ হয়ে বিজেপিতে যাওয়ার রাস্তা তৈরি করছেন। অন্যদিকে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সুকান্ত রায়ের গায়ে গেরুয়া আবির এবং তৃণমূল নেত্রীর ছবি মোছার দৃশ্য এখন জেলা রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।
