বাংলার মা-বোনেদের ধোঁকা দিয়েছে তৃণমূল, বড়জোড়ায় গর্জে উঠলেন মোদী!

রবিবার বাঁকুড়ার বড়জোড়ায় আয়োজিত জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করে বাংলার নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি দাবি করেন, বিজেপি নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চাইলেও তৃণমূলের ষড়যন্ত্রের কারণে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে। শাসক দল ভয় পায় বলেই বাংলার মহিলারা সংসদ ও বিধানসভায় পর্যাপ্ত প্রতিনিধিত্ব পাচ্ছেন না বলে তিনি মন্তব্য করেন।
বাংলার মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে মোদী জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের নারীদের বছরে ৩৬ হাজার টাকা এবং উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা এবং পিএম আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য দেড় লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, যারা সংবিধানের অবমাননা করে নারীদের অধিকার কেড়ে নিচ্ছে, আসন্ন নির্বাচনে জনতা তাদের যোগ্য জবাব দেবে।
