বাইক দুর্ঘটনার সুযোগ নিয়ে চরম নৃশংসতা! পালঘরে পরিত্যক্ত বাংলোয় ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ – এবেলা

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের পালঘর জেলার তালাসারি এলাকায় একটি মর্মান্তিক ও নৃশংস গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। গত ৯ই আগস্ট বিকেলে ১৯ বছর বয়সী এক তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে মোটরবাইকে করে উমরগাঁও সৈকত থেকে ফিরছিলেন। তালাসারির কাছে হঠাৎ তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়।
দুর্ঘটনার পরই স্থানীয় কয়েকজন যুবক সাহায্যের হাত বাড়ানোর ভান করে এগিয়ে আসে। অভিযোগ, সাহায্য করার বদলে তারা তরুণীর প্রেমিককে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিতে বাধ্য করে। এরপর তারা আরও দুই সঙ্গীকে ডেকে আনে।
পরবর্তীতে ওই ৬ জন দুষ্কৃতী মিলে অসহায় তরুণীকে জোরপূর্বক কাছের একটি পরিত্যক্ত পোস্ট অফিসের বাংলোয় তুলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং জঘন্য এই অপরাধে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পলাতক বাকি দুই দুষ্কৃতীকে ধরতে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
