শ্রাবণ শেষের এই বৃষ্টি থামবে কবে! তিন জেলায় হলুদ সতর্কতা জারি হতেই কপালে চিন্তার ভাঁজ! – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। শ্রাবণ মাসের শেষবেলায় এসেও বর্ষার এই লাগাতার ধারা অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার কলকাতা সহ হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
