বাজারের অস্থিরতায় স্বস্তি, আইপিও নিয়ে বড় সিদ্ধান্ত নিল সেবি!

আইপিও প্রক্রিয়ায় বড়সড় ছাড় সেবির, আকার কমাতে পারবে সংস্থাগুলি
ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনেছে। বাজারের বর্তমান অস্থিরতা ও বিনিয়োগকারীদের দুর্বল মনোভাবের কথা মাথায় রেখে নতুন নিয়মে সংস্থাগুলিকে তাদের আইপিও-র আকার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সুযোগ দেওয়া হয়েছে। আগে আইপিও-র আকারে ২০ শতাংশের বেশি পরিবর্তন ঘটাতে হলে পুনরায় নথিপত্র বা অফার ডকুমেন্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনো প্রতিষ্ঠান তাদের আইপিও-র আকার কমালে নতুন করে আর কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।
এই সুবিধা মূলত সেই সব সংস্থাকে দেওয়া হচ্ছে, যারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মূলধন সংগ্রহের কাজ সম্পন্ন করতে চায়। এক্ষেত্রে শুধুমাত্র সংশোধিত আইপিও-র তথ্য সেবিকে জানালেই দ্রুত অনুমোদন পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে নির্দিষ্ট মেয়াদে ২৫ শতাংশ পাবলিক শেয়ারহোল্ডিংয়ের বাধ্যবাধকতা ও আইপিও-র সময়সীমার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও প্রতিকূল বাজারের মোকাবিলায় এই সিদ্ধান্ত সংস্থাগুলিকে ঝুঁকি নিয়ন্ত্রণ ও বাস্তবসম্মত মূলধন পরিকল্পনায় সহায়তা করবে। তবে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, কেবল আইপিও-র আকার দেখে সিদ্ধান্ত না নিয়ে লগ্নির আগে সংশ্লিষ্ট সংস্থার মূল ভিত্তি, সাবস্ক্রিপশন ট্রেন্ড ও মূল্যায়ন যাচাই করে নেওয়া জরুরি।
