বাতিল হতে পারে তৃণমূল আমলের ৪৫ হাজার কাস্ট সার্টিফিকেট! জোরকদমে চলছে স্ক্রুটিনি – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে তৃণমূল আমলে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ করছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ‘দুয়ারে সরকার’ শিবির থেকে দেওয়া শংসাপত্রগুলির ব্যাপক যাচাই পর্ব শুরু করেছে নবান্ন। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর ইতিমধ্যেই ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র যাচাই করেছে। এর মধ্যে ৭৬ হাজার ৭৫০টি বৈধ হলেও, অসঙ্গতি মেলায় ১৩৫টি শংসাপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি শংসাপত্র বাতিল হয়েছে উত্তর ২৪ পরগনা, কোচবিহার, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়।
প্রাথমিক যাচাইয়ের পর বর্তমানে ৪৫ হাজার ৩৬৭টি কাস্ট সার্টিফিকেট কড়া সন্দেহের তালিকায় রয়েছে। এই শংসাপত্রগুলির সত্যতা যাচাই করতে বিশদ তদন্ত শুরু করেছে প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সন্দেহের তালিকায় থাকা আবেদনকারীদের খুব শীঘ্রই শুনানির জন্য ডাকা হবে। শুনানিতে নিজেদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ ও বৈধ নথি জমা দিতে হবে তাঁদের। উপযুক্ত প্রমাণ পেশ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শংসাপত্রগুলি অবৈধ ঘোষণা করে স্থায়ীভাবে বাতিল করা হবে। প্রশাসনিক এই কড়াকড়ির জেরে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
