বায়ুসেনা অফিসারের স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, জোর করে ধর্মান্তকরণ! নাগপুরে ধৃত ২ – এবেলা

এবেলা ডেস্কঃ
নাগপুর: ভারতীয় বায়ুসেনার (IAF) এক শীর্ষ আধিকারিকের স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল করে জোরপূর্বক ধর্মান্তকরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাগপুরে। এই ঘটনার একটি চাঞ্চল্যকর ভিডিয়োও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
হোটেলে ডেকে জুসে মাদক, তারপর…
পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ বছর বয়সি নির্যাতিতা মহিলার স্বামী বায়ুসেনার অফিসার এবং তিনি কর্মসূত্রে অন্য শহরে থাকেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে মহিলার প্রাক্তন সহপাঠী আজ্জাজ তাজ মাদরে সম্পত্তি কেনাবেচার নাম করে তাঁকে নাগপুরের ওয়ার্ধা রোডের একটি হোটেলে দেখা করতে ডাকে। অভিযোগ, সেখানে জুসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তরুণীকে অচেতন করে ধর্ষণ করে আজ্জাজ। শুধু তাই নয়, ধর্ষণের আপত্তিকর ছবি ও ভিডিয়োও রেকর্ড করে রাখা হয়।
৩ লক্ষ টাকা আদায় ও ব্ল্যাকমেল:
পরবর্তীতে সেই আপত্তিকর ভিডিয়ো দেখিয়ে তরুণীকে লাগাতার ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্ত। ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তাঁর ওপর একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় এবং প্রায় ৩.০৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।
ভাইরাল ভিডিয়োতে ধর্মান্তকরণের জোরাজুরি:
নির্যাতিতার দাবি, এরপর তাঁকে জোর করে ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হতে থাকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি জোর করে মহিলার হাত ধরে ধর্মীয় মন্ত্র পড়াচ্ছেন এবং মহিলা বারবার নিজেকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন। পরে তরুণীকে কালমেশ্বর এলাকায় নিয়ে গিয়ে আরও দুই ব্যক্তির উপস্থিতিতে জোর করে ধর্মান্তরিত ঘোষণা করা হয় এবং আবারও তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
স্বামী বাড়ি ফিরতেই পুলিশে অভিযোগ:
সম্প্রতি বায়ুসেনা অফিসার স্বামী বাড়ি ফিরলে নির্যাতিতা তরুণী তাঁকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপরই গত ১৩ জুন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত আজ্জাজসহ দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল, জোর করে ধর্মান্তকরণ এবং কালা জাদু বিরোধী আইনসহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
