বিতর্কের মাঝে শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’, রাজ্যে প্রতিটি বিধানসভায় চালু হচ্ছে ‘নেতাজি সেবাকেন্দ্র’! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জমা ও নানা বিতর্কিত মন্তব্যের মাঝেই এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সাধারণ মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সহজলভ্য করতে প্রতিটি বিধানসভা এলাকায় চালু হতে চলেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’।
বিধানসভায় এই সংক্রান্ত নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি বিধানসভায় এই সেবাকেন্দ্র পরিচালনার জন্য সরকার প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বরাদ্দ করবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গে আলোচনার পরেই অগাস্ট মাস থেকে এই প্রকল্প চালু করার কথা জানানো হয়েছে।
তবে এই আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে রাখা হয়েছে কড়া নিয়ম। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্ত না মানলে কোনো টাকা দেওয়া হবে না এবং পুরো বিষয়টি তদারকি করবেন বিধানসভার স্পিকার।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ‘বিধায়ক সেবাকেন্দ্র’ খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে ২০৭টি আসনে এই কেন্দ্রগুলি সক্রিয় রয়েছে। এছাড়া অনেক বিরোধী বিধায়কও সাধারণ মানুষকে পরিষেবা দিতে নিজস্ব কার্যালয় চালান। এবার নির্দেশ অনুসারে, এই সকল কেন্দ্রগুলির নাম আনুষ্ঠানিকভাবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’ রাখা হবে।
