বিমানবন্দরে ‘চোর’ স্লোগান, চরম নাটকের পর কাঁটায় কাঁটায় ৬টার আগেই CID দফতরে অভিষেক! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: চরম নাটকীয়তা আর হাইভোল্টেজ উত্তেজনার পর অবশেষে সিআইডি (CID) দফতর ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ ছিল, বৃহস্পতিবার সন্ধ্যে ৬টার মধ্যে তাঁকে হাজিরা দিতেই হবে। আদালতের সেই ডেডলাইন মেনে ঠিক ছ’টা বাজার এক মিনিট আগে ভবানী ভবনে পৌঁছান ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিন দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েন অভিষেক। বিমানবন্দর থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে ‘চোর’ স্লোগান। তীব্র উত্তেজনার মধ্যেই সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে, নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় কোনো রকমে গাড়িতে ওঠেন তিনি। বিমানবন্দর থেকে সোজা ভবানী ভবন যাওয়ার কথা থাকলেও, তিনি প্রথমে যান কালীঘাটের বাড়িতে। সেখানে সামান্য সময় কাটিয়ে, ঘড়ির কাঁটায় ঠিক ৫টা ৪০ মিনিটে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সিআইডি দফতরে ঢুকে রেজিস্টারে সই করেন।
উল্লেখ্য, বিধানসভায় বহুল চর্চিত সই-জাল জালিয়াতি মামলায় দীর্ঘদিন ধরেই সিআইডির নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্তে এর আগে তাঁর শান্তিনিকেতন ও কলকাতার বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। তবে এর আগে পরপর তিনবার সিআইডির নোটিস এড়িয়েছিলেন তৃণমূলের ‘যুবরাজ’।
আদালত সূত্রে খবর, সই জাল মামলায় ২১ দিনের জন্য আইনি রক্ষাকবচ পেলেও আজই সিআইডির মুখোমুখি হওয়া বাধ্যতামূলক ছিল তাঁর জন্য। তিনবার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বিধানসভার সই-জাল কাণ্ডে সিআইডি আধিকারিকদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন তথ্যপ্রমাণ সামনে রেখে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
