বিরোধীদের প্রবল চাপে নতিস্বীকার! ভোটার তালিকা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে স্পেশাল সামারি রিভিশন চালুর পর এবার রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের বড় দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বিরোধীদের টানা আন্দোলন ও চাপের মুখে এখন থেকে সমস্ত রাজনৈতিক দলকে ‘মেশিন রিডেবল’ পিডিএফ ফরম্যাটে ভোটার তালিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন কমিশন মূলত স্ক্যান করা ‘ইমেজ’ ফরম্যাটে ভোটার তালিকা পাঠাত, যেখানে নির্দিষ্ট নাম সার্চ করা বা তথ্য কপি-পেস্ট করা আসাম্ভব ছিল। ফলে রাজনৈতিক দলগুলোকে হাজার হাজার নামের ভিড়ে কাজ করতে চরম ভোগান্তির মুখোমুখি হতে হতো এবং ভুয়ো ভোটার চিহ্নিত করা কঠিন হয়ে পড়ত।
২০১৮ সালে সুপ্রিম কোর্টে কংগ্রেসের তরফে এই বিষয়ে মামলা করা হলেও ভোটারদের ব্যক্তিগত নিরাপত্তার অজুহাত দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছিল কমিশন। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের সাম্প্রতিক এই পদক্ষেপে নিজেদের বড় জয় দেখছে বিরোধী শিবির। এখন থেকে প্রতিটি রাজনৈতিক দল ডিজিটাল পদ্ধতিতে সার্চ করে সহজেই ভোটার তালিকার যেকোনো তথ্য অনুসন্ধান ও পরীক্ষা করতে পারবে। এর আগে বৃহস্পতিবারই ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন ভোটার যুক্ত করা এবং বাদ পড়াদের নাম তোলার লক্ষ্যে স্পেশাল সামারি রিভিশন (SSR) চালুর ঘোষণা দিয়ে প্রথম পদক্ষেপ নিয়েছিল কমিশন।
