বিশ্বজুড়ে বাড়ছে ব্রহ্মসের চাহিদা, এবার ভারতের ক্ষেপণাস্ত্র কিনছে ইন্দোনেশিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত। বিশ্বজুড়ে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’-এর চাহিদা এখন তুঙ্গে। ফিলিপিন্স ও ভিয়েতনামের পর এবার ভারতের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। সিঙ্গাপুরে আয়োজিত ‘শাংরি-লা ডায়ালগ সিকিউরিটি সামিটে’ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজেশকুমার সিং। তিনি জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে এই সংক্রান্ত আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবং শীঘ্রই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হতে চলেছে।
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ
এর আগে ২০২২ সালে প্রায় সাড় তিন হাজার কোটি টাকার বিনিময়ে ভারতের ব্রহ্মস প্রযুক্তি কিনেছিল ফিলিপিন্স। সেই পথ অনুসরণ করে সম্প্রতি ভিয়েতনামের সঙ্গে ভারতের প্রায় ৫,৮০০ কোটি টাকার ব্রহ্মস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় কোস্টাল ডিফেন্স মিসাইল ব্যাটারি, ক্ষেপণাস্ত্রের প্রাথমিক চালান, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি ভিয়েতনাম ভবিষ্যতে এই মিসাইলের আরও উন্নত সংস্করণ কিনতে পারে বলেও জানা গেছে। ভিয়েতনামের পর এবার ইন্দোনেশিয়াও এই তালিকায় যুক্ত হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের প্রতিরক্ষা কূটনীতি এক নতুন উচ্চতায় পৌঁছাল।
ব্রহ্মসের কার্যকারিতা ও প্রভাব
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস মিসাইল বর্তমান বিশ্বের অন্যতম সেরা যুদ্ধাস্ত্র। প্রতি সেকেন্ডে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই ক্রুজ মিসাইল যেকোনো লক্ষ্যবস্তুতে ৯৯.৯৯ শতাংশ নিখুঁত আঘাত হানতে পারে। এর গতি ও নিখুঁত কার্যকারিতার কারণে শত্রুপক্ষের রাডারে এর গতিবিধি আঁচ করা এবং একে মাঝআকাশে আটকে দেওয়া কার্যত আসাম্ভব। ভারতীয় নৌসেনা, বায়ুসেনা ও পদাতিক বাহিনী ইতিমধ্যেই এই মিসাইল নিজেদের বহরে শামিল করেছে। আন্তর্জাতিক বাজারে ব্রহ্মসের এই ক্রমবর্ধমান চাহিদা ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন শিল্পের সক্ষমতাকে বিশ্বের দরবারে জোরালোভাবে প্রমাণ করছে এবং এর ফলে বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের ভূ-রাজনৈতিক প্রভাব আরও বৃদ্ধি পাবে।
