বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত! বড় পরিবর্তনের আশঙ্কায় লাখ লাখ আবেদনকারী? – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিশ্বজুড়ে সমস্ত দেশের মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের কাজকর্ম এবং কর্মীদের প্রশিক্ষণের অজুহাতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি সাময়িক স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। ভারতীয় সময় বুধবার ভোরে বিদেশ মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক এই সিদ্ধান্তের কথা জানালেও, এর নেপথ্যে কঠোর কোনো নীতি পরিবর্তনের ছক রয়েছে বলে জোরালো আশঙ্কা প্রকাশ করছেন ওয়াকিবহাল মহল। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে আমেরিকাগামী শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সাধারণ পর্যটকসহ লক্ষাধিক আবেদনকারীর কপালে চরম উৎকণ্ঠা ও চিন্তার ভাঁজ পড়েছে।
সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি কঠোর করা, বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে লাগাতার অভিযান এবং বিভিন্ন দেশের রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের ওপর বাড়তি নজরদারির জল্পনা এই ভয়কে আরও বাড়িয়ে তুলেছে। যদিও মার্কিন প্রশাসনের দাবি এটি কেবল কর্মকর্তাদের প্রশিক্ষণের অংশ, তবুও অতীতে বিভিন্ন দেশের ভিসা স্থগিত করার সিদ্ধান্ত আদালতের হস্তক্ষেপে জটিল আকার ধারণ করেছিল। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন ভিসা প্রদান প্রক্রিয়ায় কঠোরতার এই ধারা দেশটিতে যাওয়ার স্বপ্ন দেখা বিদেশিদের মধ্যে প্রবল অনিশ্চয়তা ও উৎকণ্ঠা তৈরি করেছে।
