ব্যারাকপুর মেট্রো কি এবার সোজা ছুটবে কল্যাণী এইমস পর্যন্ত! – এবেলা

এবেলা ডেস্কঃ
ব্যারাকপুর থেকে কল্যাণী রোড ধরে মেট্রো এবার সরাসরি পৌঁছে যেতে পারে কল্যাণী এইমস পর্যন্ত। শুধু মেট্রো রুট সম্প্রসারণই নয়, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে বাড়ির সামনে থেকেই এইমস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালুর বড় পরিকল্পনাও রয়েছে। বুধবার জগদ্দলে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে এই জোড়া যোগাযোগ ব্যবস্থার কথা প্রকাশ্যে এনেছেন মন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, কল্যাণী রোডের মাঝখান দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রশস্ত জায়গা রয়েছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে।
দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ১২.৫ কিলোমিটার। বিটি রোডের ওপর জলের পাইপলাইন থাকার কারণে এই কাজ থমকে গেলেও সম্প্রতি কলকাতা পুরসভার ছাড়পত্র পাওয়ায় জট কেটেছে। মন্ত্রী জানিয়েছেন, ব্যারাকপুর মেট্রোর প্রয়োজনীয় সমস্ত ক্লিয়ারেন্স বা ছাড়পত্র ইতিমধ্যেই মিলে গিয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব ক্যাবিনেটে পাঠানো হয়েছে। ভবিষ্যতে বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর ও হুগলি থেকে সরাসরি এইমস পর্যন্ত বাস চালানোর ভাবনাও রয়েছে। দ্রুতগামী এই গণপরিবহন ব্যবস্থা চালু হলে উত্তর ২৪ পরগনা সহ আশপাশের জেলার লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন এবং প্রধান সড়কগুলির তীব্র যানজট অনেকটাই কমবে।
