ভয়ঙ্কর বিপদ! জলবায়ু পরিবর্তনের জেরে কলকাতায় হু হু করে বাড়বে কলেরার প্রকোপ! – এবেলা

এবেলা ডেস্কঃ
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে আগামী দিনে কলকাতায় হু হু করে বাড়তে পারে মারণ কলেরার প্রকোপ। ইউনিভার্সিটি অব এক্সেটার এবং আইসিএমআর-এর সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, চলতি শতাব্দীর শেষ দিকে শহরে কলেরার সংক্রমণ বর্তমানের তুলনায় ৮১ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গবেষকদের তৈরি গাণিতিক মডেলে সতর্ক করা হয়েছে যে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত বর্ষার ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে এবং পানীয় জলের সঙ্গে নোংরা জল মিশে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। শুধু আক্রান্তের সংখ্যা বৃদ্ধিই নয়, ভবিষ্যতে গরমকাল ও বর্ষার মরসুমের ব্যবধানও সম্পূর্ণ মুছে যেতে পারে।
এই বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এখন থেকেই পানীয় জলের মান উন্নত করা, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্বাস্থ্য পরিকাঠামোয় নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। শহরবাসীর সুরক্ষায় বর্ষার এই সময়ে বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা এবং সবসময় জল ফুটিয়ে বা নিরাপদ উৎস থেকে পানের অভ্যাস করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
