ভরা বর্ষাতেও অধরা পদ্মার ইলিশ! জট কাটাতে এবার সরাসরি ঢাকায় যাচ্ছে বাংলার প্রতিনিধিদল! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভরা বর্ষা চললেও পশ্চিমবঙ্গবাসীর পাতে এখনও অধরা পদ্মার ইলিশ। রাজনৈতিক পটপরিবর্তন ও কূটনৈতিক জট কাটেনি এখনও, যার ফলে এপার বাংলায় ইলিশ আসা নিয়ে তৈরি হয়েছে বড় রকমের ধোঁয়াশা। এই সংকট কাটাতে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমদানির অনুমতি আদায়ের লক্ষ্যে এবার ঢাকাগামী আমদানিকারকদের একটি প্রতিনিধিদল। সেখানে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করে বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা, যা ঠিক করে দেবে এ বছরের পুজোর বাজারে ইলিশের ভাগ্য।
২০১২ সাল থেকে তিস্তা জলবণ্টন ও অন্যান্য জটিলতায় ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। পরবর্তীতে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ কিছু ইলিশ আসা শুরু হয়। গত বছর প্রায় ৫০০ মেট্রিক টন মাছ পেয়েছিল এ রাজ্য। এদিকে দিঘা বা নামখানায় স্থানীয় জোগান কিছুটা থাকলেও এক কেজির বেশি ওজনের বড় ইলিশের দেখা মেলা ভার। তাই বাংলাদেশের ইলিশের ওপরই মূলত নির্ভর করছেন ব্যবসায়ীরা। সোমবারের ঢাকা বৈঠকের পরই পরিষ্কার হবে বঙ্গবাসীর পাতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে কি না।
