ভারতের ওপর ১০০% শুল্কের হুমকি দিয়ে খোদ রাশিয়া থেকেই বিপুল ডিজেল কিনছেন ট্রাম্প! চরম ক্ষুব্ধ জেলেনস্কি – এবেলা

এবেলা ডেস্কঃ
রাশিয়ার থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনার অপরাধে ভারত ও চিনসহ একাধিক দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছিল আমেরিকা। এমনকী মার্কিন কংগ্রেসে একটি বিশেষ আইন এনে ওয়াশিংটন কড়া বার্তা দিয়েছিল যে, রুশ তেল কেনা মানেই পরোক্ষে ইউক্রেন যুদ্ধে পুতিনকে মদত দেওয়া। অথচ মধ্যবর্তী নির্বাচনের মুখে দাঁড়িয়ে নিজের দেশে তেলের আকাশছোঁয়া দাম ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই রাশিয়ার সঙ্গে এক অসাধ্য তেলচুক্তি সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্টের এই চরম দ্বিচারিতামূলক পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
নতুন এই মার্কিন-রুশ চুক্তি অনুযায়ী, বিশ্ববাজারের পাশাপাশি আমেরিকায় ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি ডিজেল পাঠাবে মস্কো, যা আগামী দিনে আরও বাড়ানো হবে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ঘোষণা করেছেন যে, রাশিয়ার তেলের ওপর এতদিন ধরে বহাল থাকা কড়া মার্কিন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পুতিনকে শাস্তি দিতে রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। কিন্তু এখন নিজের রাজনৈতিক চাপ কমাতে এবং মূল্যবৃদ্ধি রুখতে ট্রাম্পের এই নজিরবিহীন পদক্ষেপে বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
