ভোটার তালিকায় নাম নেই? চরম বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশনের বড় নির্দেশ, জানুন কী করতে হবে – এবেলা
এবেলা ডেস্কঃ
খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এসআইআর (SIR)-এর প্রকাশিত খসড়া তালিকায় নাম না থাকলে নাগরিকদের নতুন করে ফর্ম ৬ (Form 6) জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পূর্বে নাম নথিভুক্ত থাকলেও এই ফর্ম পূরণে কোনো বাধা নেই এবং এর জন্য কোনো আইনি পদক্ষেপ বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। দিল্লি হাইকোর্টের একটি মামলার রায়কে সামনে রেখে ভোটারদের মনে থাকা সমস্ত আইনি আশঙ্কামুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে কমিশনের এই নির্দেশিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস এই ঘোষণাকে নিছক ‘শব্দের মারপ্যাঁচ’ ও ক্ষতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা বলে তোপ দেগেছে। বিরোধী শিবিরের অভিযোগ, সম্পূর্ণ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ হওয়ায় ভোটারদের জোর করে মিথ্যা ঘোষণা করতে বাধ্য করা হচ্ছে। সব মিলিয়ে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া সাধারণ মানুষের মধ্যে এই নতুন নির্দেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
