ভোটের মুখে কলকাতায় ইডির ঝটিকা অভিযান, উত্তাল রাজ্য রাজনীতি!
/indian-express-bangla/media/media_files/2026/04/02/west-bengal-live-news-2026-04-02-14-56-40.jpg?ssl=1)
রাজ্য রাজনীতির উত্তপ্ত আবহের মধ্যেই রবিবার সকাল থেকে কলকাতার একাধিক প্রান্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় বালিগঞ্জ, বেহালা ও এলগিন রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তদন্তকারীরা এই ম্যারাথন অভিযান চালাচ্ছেন। প্রথম দফার নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় এজেন্সির এই ঝটিকা অভিযানকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তের অংশ হিসেবে বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাসভবনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি ও কয়লা পাচার মামলায় নাম জড়ানোর অভিযোগে এর আগে তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বেহালার সান এন্টারপ্রাইজের এমডি জয় কামদারের বাড়িতে এবং জমি দখল ও বেআইনি লেনদেনের অভিযোগে ভবানীপুরের প্রভাবশালী ব্যক্তিত্ব মিরাজ শাহের এলাগিন রোডের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। ভোটের মুখে এই অভিযানকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস এটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে অভিহিত করলেও, বিজেপি একে দুর্নীতির বিরুদ্ধে স্বাধীন তদন্ত বলে দাবি করেছে।
