ভোটের মুখে পুরুলিয়ায় পদ্ম-বিস্ফোরণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে ২ দাপুটে নেতা

লোকসভা নির্বাচনের মুখে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। শনিবার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হলধর মাহাতো এবং রঘুনাথপুরের প্রাক্তন ব্লক সভাপতি অমর মাহাতো শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উপস্থিতিতে তাঁদের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া হয়। ভোটের ঠিক আগে জেলা স্তরের দুই প্রভাবশালী নেতার এই দলবদল রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
দলত্যাগের কারণ হিসেবে তৃণমূলের সাংগঠনিক কাঠামোর তীব্র সমালোচনা করেছেন হলধর ও অমর মাহাতো। হলধর মাহাতোর অভিযোগ, তৃণমূল এখন আর রাজনৈতিক দল নয়, বরং একটি ‘কো ম্পা নি’তে পরিণত হয়েছে, যেখানে টাকার খেলা এবং ব্যক্তিগত স্বার্থই প্রধান। অমর মাহাতো অভিযোগ করেন, দল বর্তমানে কিছু কর্পোরেট সংস্থার হাতে বন্দি হয়ে পড়ায় দলের পুরনো কর্মীরা গুরুত্ব হারাচ্ছেন। সম্মান ও উন্নয়নের অভাববোধ থেকেই তাঁরা দল ছেড়েছেন বলে জানিয়েছেন। অপরদিকে, বিজেপির দাবি, দুর্নীতি ও মহিলা বিরোধী অবস্থানের কারণে বীতশ্রদ্ধ হয়েই ওই নেতারা দল ছেড়েছেন। তবে জেলা তৃণমূল সভাপতি রাজীবলোচন সোরেন এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, জনবিচ্ছিন্ন নেতাদের চলে যাওয়ায় সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। দলীয় নেতৃত্ব একে গুরুত্বহীন দাবি করলেও ভোটের মুখে এই ভাঙন রাজনৈতিক মহলে বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
