মমতাকে দুবার হারানোই তুরুপের তাস, বাংলার মসনদে বসার দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভেন্দু

মমতাকে দুবার হারানোই তুরুপের তাস, বাংলার মসনদে বসার দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভেন্দু

বাংলার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে শাহকে পর্যবেক্ষক এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকেই নির্ধারিত হবে বিজেপির পরিষদীয় দলনেতার নাম, যিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তবে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, অমিত শাহর গুডবুকে থাকা শুভেন্দু অধিকারীই এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

শুভেন্দু অধিকারীর পাল্লা ভারী হওয়ার অন্যতম প্রধান কারণ নন্দীগ্রামের পর ভবানীপুর উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর জয়। শাহর মতে, যিনি পর পর দুবার বিদায়ী মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন, তাঁর চেয়ে যোগ্য মুখ এই মুহূর্তে আর কেউ হতে পারে না। যদিও মুখ্যমন্ত্রী পদের জন্য স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের মতো নামগুলো নিয়ে চর্চা চলছে, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজ সংকেত শুভেন্দুর দিকেই রয়েছে বলে সূত্রের খবর।

নীতি নির্ধারণে বিশেষ কমিটি ও আগামীর পরিকল্পনা

বিজেপি সূত্রে জানা গেছে, সরকার পরিচালনার সুবিধার্থে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হতে পারে। এই কমিটি মূলত নতুন মুখ্যমন্ত্রীকে নীতি নির্ধারণ ও প্রশাসনিক দিকনির্দেশনা দেবে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই জয়ের মাধ্যমে বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে, যার প্রমাণ হিসেবে পর্যবেক্ষক পদে স্বয়ং অমিত শাহর উপস্থিতি দেখা হচ্ছে। সাধারণত কোনো রাজ্যে পরিষদীয় দলনেতা বাছতে শাহর মতো হেভিওয়েট নেতার উপস্থিতি বিরল।

শপথগ্রহণের সম্ভাব্য দিন ও ভেন্যু

আগামী ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন বলে জোর গুঞ্জন চলছে। তৃণমূলের দেওয়া ‘বাংলা বিরোধী’ তকমা ঘুচিয়ে বাঙালি আবেগকে স্পর্শ করতেই এই দিনটিকে বেছে নেওয়া হতে পারে। শপথগ্রহণ অনুষ্ঠানের সম্ভাব্য স্থান হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহিদ মিনার বা নেতাজি ইনডোর স্টেডিয়ামের নাম আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে পদ্ম শিবির। তবে নিরাপত্তা ও ভিভিআইপি প্রোটোকলের কথা মাথায় রেখে আজ-কালের মধ্যেই চূড়ান্ত ভেন্যু ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *