মির্জা গালিব স্ট্রিটের হোটেলে বিধ্বংসী আগুন: শিশুষহ মৃত ৯, সিল পুরো বিল্ডিং – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১টি শিশু রয়েছে। এই ঘটনার পরই পুরো বিল্ডিংটি সিল করে দিয়েছে দমকল বিভাগ এবং ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি পাহারা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক ও গ্রেফতার করেছে। নিউমার্কেট থানার পুলিশ প্রথমে পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রের অন্য একটি হোটেল (‘হোটেল যাপন’) থেকে ম্যানেজার সঞ্জয় ও কর্মী বিটুকে আটক করে। এরপর গতকাল গভীর রাতে জমির মালিক আবু জাফরকে আটক করে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিনের অব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা বিধি না মানার ফলেই এই অগ্নিকাণ্ড। বাধ্যতামূলক নিয়ম না মেনে ব্যবসা চালানো এবং প্রশাসনিক গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
