মুক্তির আনন্দ নিমিষেই উধাও! তিহাড় জেল থেকে বেরোতেই দুই নেতার হাতে কড়া সমন পুলিশের – এবেলা

মুক্তির আনন্দ নিমিষেই উধাও! তিহাড় জেল থেকে বেরোতেই দুই নেতার হাতে কড়া সমন পুলিশের – এবেলা

এবেলা ডেস্কঃ

জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন আইনি বিপাকে পড়লেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বুধবার রাতে তিহাড় জেল থেকে বেরোনোর মুহূর্তেই তাঁদের হাতে নতুন সমন ধরিয়ে দেয় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলার তদন্তে এবার আরও তৎপরতা বাড়াল প্রশাসন। আজ দুপুর ১২টায় দিল্লির রাজৌরি গার্ডেনে অবস্থিত ক্রাইম ব্রাঞ্চের দফতরে দুই নেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাঁদের মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

এর আগে যন্তর মন্তরের নিষিদ্ধ এলাকায় অনুমতি ছাড়াই বিক্ষোভ দেখানোর অভিযোগে গত ১৩ ও ১৪ অক্টোবর সৌরভ ও আশুতোষকে আটক করেছিল পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। শান্তিভঙ্গ এবং সরকারি নির্দেশ অমান্য করার মতো গুরুতর অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। বুধবার বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেও, স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। পুলিশের দাবি, এই ঘটনার নেপথ্যে বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই নতুন তলব। আইনি লড়াইয়ের পরবর্তী মোড় কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *