‘মেয়ে তো ফিরবে না, ও যেন বিচার পায়!’ বাঘমুন্ডিতে নিহত তরুণীর শ্রাদ্ধানুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন বাবা – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 202611:15 am
বাঘমুন্ডি: পুরুলিয়ার বাঘমুন্ডিতে প্রেমিক কর্তৃক তরুণী হত্যাকাণ্ডে কাটেনি শোকের রেশ। শনিবার ছিল নিহত তরুণীর শ্রাদ্ধানুষ্ঠান। গোটা গ্রাম ও পরিবারজুড়ে এখন শুধুই শোকের আবহ। মেয়ের আদ্যশ্রাদ্ধের দিন কান্নায় ভেঙে পড়ে সুবিচারের আকুল আর্জি জানালেন নিহত তরুণীর বাবা। ছলছল চোখে তিনি বললেন, “মেয়ে তো আর ফিরবে না। শুধু চাই ও যেন বিচার পায়।”
রাজনীতির ঊর্ধ্বে পাশে থাকার বার্তা:
শনিবার সন্ধ্যায় বাঘমুন্ডির সেই বাড়িতে যান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো। সেখানে নিহতের বাবার সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি, শাসকদলের প্রতিনিধিরাও বাড়িতে গিয়ে তরুণীর ছবিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপি জেলা সভাপতি বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই পরিবার যাতে দৃষ্টান্তমূলক বিচার পায়, আমরা সেই চেষ্টা করব। যাতে এমন ঘৃণ্য কাজ করার আগে অপরাধীরা ১০০ বার ভাবে।”
মুখ্যমন্ত্রীর কাছে আর্জি:
পরিবারের একমাত্র চাওয়া—সুবিচার। নিহত তরুণীর বাবা জানান, “আমি ওঁদের বলেছি, আর কোনো মা-বাবাকে যেন এভাবে সন্তান না হারাতে হয়। রবিবার মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় আসছেন, তাঁর কাছে আমাদের এই আকুল বিচার প্রার্থনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছি।”
পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের ধোঁয়াশা:
ঘটনার পুলিশি তদন্তে পরিবার সন্তোষ প্রকাশ করলেও নিহতের বাবার দাবি, মেয়েকে ধর্ষণ বা যৌন হেনস্থা করা হয়েছিল কি না এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে কোনো যৌন নির্যাতনের প্রমাণ মিললে খুনের মামলার সঙ্গে উপযুক্ত ধারাও যুক্ত করা হবে। তবে সেই রিপোর্ট এখনো পরিবারের হাতে পৌঁছায়নি।
