মোদী মিথ্যে বলছেন, মহিলাদের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ভাষণকে ‘রাজনৈতিক বক্তৃতা’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে সত্যের প্রতিফলন নেই এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের আক্রমণ করা হয়েছে। কংগ্রেসের দাবি, নারী সংরক্ষণের আড়ালে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রস্তাব এনে দেশের নারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, যার জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
খাড়গের অভিযোগ, বিজেপি সরকার নারী শক্তির কথা বললেও বাস্তবে তাদের অগ্রাধিকার তালিকায় নারীরা নেই। কংগ্রেস ২০১০ সালেই রাজ্যসভায় নারী সংরক্ষণ বিল পাস করিয়েছিল, যা তখন লোকসভায় বিজেপির বাধার মুখে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে লোকসভার ৫৪৩টি আসনেই ৩৩ শতাংশ নারী সংরক্ষণ চালুর দাবি জানানো হয়েছে। ডিলিমিটেশনের শর্ত জুড়ে দিয়ে এই প্রক্রিয়াকে জটিল করার পেছনে বিজেপির নির্বাচনী ফায়দা ও বিভাজনের রাজনীতি রয়েছে বলে কংগ্রেস দাবি করছে। এ সময় তিনি উত্তরপ্রদেশের হাথরস ও উন্নাওসহ বিভিন্ন ঘটনার উল্লেখ করে বিজেপির শাসনকালে নারী নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তোলেন।
