রক্তদান শিবিরের কার্ড কিনে কালোবাজারি! পাঁশকুড়ায় হাতেনাতে গ্রেপ্তার ৩ ল্যাব টেকনিশিয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ
পাঁশকুড়া স্টেট সাব-ডিভিশনাল হাসপাতালে রক্ত বিক্রির অভিযোগে বড়সড় সাফল্য পেল অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি)। রক্তের কালোবাজারির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে হাসপাতালের তিন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এক দালালকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল রহস্য ভেদ করেন তদন্তকারীরা। এসিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্লাব বা সংগঠনের রক্তদান শিবির থেকে রক্তদাতাদের কার্ড নামমাত্র মূল্যে অর্থাৎ ১০০ থেকে ১৫০ টাকায় কিনে নিত দালালরা। এরপর সেই ডোনার কার্ড ব্যবহার করে রক্তব্যাঙ্ক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করা হত এবং তা মুমূর্ষু রোগীদের পরিবারের কাছে চড়া দামে বিক্রি করা হতো।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে, এই অবৈধ উপার্জিত টাকার একটি অংশ দালালদের হাত ঘুরে অভিযুক্ত তিন টেকনিশিয়ানের ইউপিআই অ্যাকাউন্টে জমা হতো। খুব অল্প সময়ের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে বলে প্রমাণ মিলেছে। এই ঘটনার পর হাসপাতালের রক্তব্যাঙ্কের কার্যপ্রণালী এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। রক্ত ছাড়ার প্রক্রিয়ায় আর কারা জড়িত এবং এই চক্রে অন্য কোনো প্রভাবশালী স্বাস্থ্যকর্মী বা মধ্যস্থতাকারী যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখছে এসিবি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
