রবীন্দ্রনাথের ১৯টি বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ফেরত না দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ। মঙ্গলবার সিউড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, সাধারণ পাঠকের মতো প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রেও নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরত না দিলে তাঁর বিরুদ্ধেও নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর দাবি, বই ফেরত দেওয়ার ক্ষেত্রে আইনের শাসন কঠোরভাবে বজায় রাখা হবে।
অন্যদিকে, এই বিষয়ে মমতার ঘনিষ্ঠ মহলের দাবি, বইগুলি তাঁর বাড়িতে নয়, বিধানসভায় মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট দপ্তরেই রয়েছে। তবে গ্রন্থাগার কর্তৃপক্ষের বক্তব্য, খাতায়-কলমে বইগুলি ফেরত না আসা পর্যন্ত তা জমা পড়েছে বলে গণ্য করা হবে না। পাশাপাশি, বিগত সরকারের আমলে গ্রন্থাগারের মাধ্যমে নির্দিষ্ট কিছু সাহিত্য কেনার নির্দেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ওই ধরনের বই সরিয়ে দিয়ে রাষ্ট্রবাদী ব্যক্তিত্বদের সাহিত্য দিয়ে গ্রন্থাগারগুলির সংগ্রহ সমৃদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
