রাহুলের পাশে ট্রাকের ওপর এই তরুণী কে? শোরগোল ফেলে দেওয়া জন্নত বিষ্ণোই আসলে কোন পরিচয়ে পরিচিত? – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লিতে বিরোধী জোটের সুপ্রিম কোর্টমুখী মিছিলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে একটি ট্রাকে চড়ে স্লোগান দিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজের ছাত্রী জন্নত বিষ্ণোই। রাজস্থানের বাসিন্দা এই তরুণী বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ ফর উইমেনের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এক্সিকিউটিভ কাউন্সিলর এবং কংগ্রেসের যুব সংগঠন এনএসইউআই-এর সক্রিয় সদস্য। ক্যাম্পাসে ছাত্রীদের সুরক্ষা, পিঙ্ক বুথ স্থাপন এবং বিভিন্ন জনমুখী আন্দোলনে তাঁর সরব উপস্থিতি তাঁকে ছাত্র রাজনীতির পরিচিত মুখ করে তুলেছে।
এর আগেও কালকাজিতে এক নাবালিকার ধর্ষণবিরোধী বিক্ষোভ এবং রাজস্থান গাছ রক্ষা বিলের মতো পরিবেশ আন্দোলনেও জোরালো ভূমিকা পালন করেছেন জন্নত। জ্ঞানেশ কুমার-বিরোধী এবং এসআইআর বিরোধী আন্দোলন চলাকালীন রাহুলের পাশে তাঁর এই উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি করেছে। প্রাতিষ্ঠানিক ছাত্র রাজনীতির গণ্ডি পেরিয়ে তাঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজপথের মুখ হয়ে ওঠার বিষয়টি তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।
