রেলে যুগান্তকারী পদক্ষেপ! ধোঁয়া নয় ছড়াবে জলীয় বাষ্প, যাত্রা শুরু দেশের প্রথম LNG ট্রেনের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20261:22 pm
ভারতীয় রেলের জ্বালানি ইতিহাসে তৈরি হলো এক স্বর্ণালী অধ্যায়। রবিবার গুজরাতের সবরমতি স্টেশন থেকে দেশের প্রথম এলএনজি (LNG) চালিত ডুয়েল-ফুয়েল ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি সবরমতিতে ১,৫৪২ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক মেগা রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
একই ইঞ্জিনে চলবে এলএনজি ও ডিজেল এই বিশেষ ট্রেনটির মূল চালিকাশক্তি হলো এর ‘ডুয়েল-ফুয়েল’ বা দ্বৈত জ্বালানি প্রযুক্তি। সবরমতি ইন্টিগ্রেটেড কোচিং ডিপোর ১,৪০০ হর্সপাওয়ারের দুটি ড্রাইভিং পাওয়ার কারকে (DPC) নতুন এই প্রযুক্তিতে সফলভাবে রূপান্তরিত করা হয়েছে। এর ফলে প্রয়োজন অনুযায়ী একই ইঞ্জিনে এলএনজি এবং ডিজেল দুটোই ব্যবহার করা যাবে।
এক ধাক্কায় ৪০% কমবে ডিজেলের খরচ নতুন এই প্রযুক্তির ব্যবহারে ডিজেলের ব্যবহার এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। এর ফলে একদিকে যেমন রেলের কোটি কোটি টাকার জ্বালানি খরচ বাঁচবে, অন্যদিকে পরিবেশ দূষণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমবে।
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি হাইড্রোজেন ট্রেনের মতো এটি শতপ্রতিশত ধোঁয়াশূন্য না হলেও, প্রচলিত ডিজেল ইঞ্জিনের তুলনায় এটি অত্যন্ত পরিবেশবান্ধব। এই ইঞ্জিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, চালনাকালে নির্গত উপজাত পদার্থের প্রধান অংশটিই হলো ধোঁয়ামুক্ত জলীয় বাষ্প। আটটি কোচ বিশিষ্ট এই নন-এসি ডেমু (DEMU) ট্রেনের প্রতিটি ড্রাইভিং পাওয়ার কারে ২,২০০ লিটারের সুবিশাল এলএনজি ট্যাঙ্ক বসানো হয়েছে। ট্রেন চলাচলে খরচ কমানোর এই অভিনব মডেল আগামী দিনে ভারতীয় রেলের জন্য এক বিরাট মাইলফলক হতে চলেছে।
