লকআপে বসে ডিম-টোস্টের আবদার নির্মলের! আদালতের পথে আছড়ে পড়ল চড়-লাথি ও ডিম বৃষ্টি – এবেলা

এবেলা ডেস্কঃ
অভয়া কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই খড়দহে চরম উত্তেজনার পারদ চড়ল। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর ওড়িশার বালেশ্বর থেকে পুলিশি অভিযানে ধরা পড়েন তিনি। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে খড়দহে আনার পর থেকেই খড়দহ থানার সামনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অভয়া কাণ্ডে মূল অভিযুক্তের গ্রেপ্তারে রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হয়, যেখানে ডিজে বাজিয়ে নাচতেও দেখা যায় স্থানীয়দের। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে, মাথায় হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতার হাত থেকে রেহাই পাননি প্রাক্তন বিধায়ক। তাঁকে লক্ষ্য করে মুহুর্মুহু ডিম ছোঁড়া হয়, এমনকি জনতার চড়-লাথিও এসে পড়ে তাঁর ওপর।
অন্যদিকে, গ্রেপ্তারের পর খড়দহ থানার লকআপে বসে নির্মল ঘোষের আদা-চা ও খাবারের বিশেষ ‘আবদার’ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুত্রবধূ দেখা করতে এলে তাঁর কাছে ডিম-টোস্ট, বাটার-টোস্ট ও ঘুগনির ইচ্ছা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুনর্তদন্তের নির্দেশের পর শ্মশানঘাটের ঘটনা নিয়ে অভয়ার বাবা এফআইআর দায়ের করেন। এরপর থেকেই নিজের মোবাইল সুইচ অফ করে ওড়িশায় আত্মগোপন করেছিলেন নির্মল ঘোষ। তবে শেষরক্ষা হয়নি; মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে রাজ্য পুলিশ ও স্থানীয় সিমুলিয়া পুলিশের যৌথ অভিযানে শেষমেশ গ্রেপ্তার হন তিনি।
