শিয়ালদহে মেগা অপারেশন! ট্রেনের নিরাপত্তা ও গতি বাড়াতে বদলে গেল ঐতিহাসিক ডায়মন্ড ক্রসিং – এবেলা

এবেলা ডেস্কঃ
রেলযাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি ও ট্রেন চলাচল আরও মসৃণ করতে শিয়ালদহ ইয়ার্ডে এক ঐতিহাসিক প্রকৌশলগত সাফল্য অর্জন করল পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডের নির্দেশনা এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার প্রত্যক্ষ পরিচালনায় একটি মেগা ট্রাফিক ব্লক অপারেশন নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডায়মন্ড ক্রসিং-এর আধুনিকীকরণ: শিয়ালদহ স্টেশন সীমানায় মধ্যরাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলা এই ৭ ঘণ্টার মেগা ব্লকে KM 0/19-0/20-এর DN/ML লাইনে কাজ চালানো হয়। ডায়মন্ড সুইচ পয়েন্ট (২০৮বি/২১৯এ)-কে পুরোনো ৫২ কেজি পরিকাঠামো থেকে আন্তর্জাতিক মানের ভারী ৬০ কেজি রেলে রূপান্তরিত করা হয়েছে। তীব্র স্থানসংকট থাকা সত্ত্বেও ৩৪.৭১ মিটার দীর্ঘ ৬০ কেজির রেল এবং ৭টি প্রিফেব্রিকেটেড গ্লুড জয়েন্ট বসানোর পাশাপাশি পুরোনো পয়েন্ট মেশিন বদলে নতুন গ্রাউন্ড ফিটিংস সহ সম্পূর্ণ ট্র্যাক পরিকাঠামোকে আধুনিক রূপ দেওয়া হয়।
বিভাগীয় সমন্বয়ে দ্রুত কাজ: ইঞ্জিনিয়ারিং শাখার পাশাপাশি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (S&T) এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (TRD) শাখাও একযোগে কাজ পরিচালনা করে। এসএন্ডটি বিভাগ নতুন পয়েন্ট মেশিন স্থাপন ও কেব্ল পরিবর্তনের কাজ সম্পন্ন করে এবং টিআরডি বিভাগ ৫ ও ৬ নম্বর লাইনে ক্যান্টিলিভার মেরামত ও ইনসুলেটর পরিষ্কারের কাজ শেষ করে।
পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক (CPRO) শিবরাম মাঝি জানান, ট্রেন চলাচলে অতিরিক্ত কোনো বিঘ্ন না ঘটিয়েই পরিকাঠামো উন্নত করা হয়েছে, যা আগামী দিনে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও দ্রুতগামী করবে।
