শুভেন্দুর হুঁশিয়ারির মাঝেই চরম অবমাননা! নিউ আলিপুরে ভাঙা হলো নেতাজির মূর্তির হাত – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই স্বাধীনতা দিবসের মুখে খোদ কলকাতায় ঘটে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি অবমাননার চরম ঘটনা। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজির আবক্ষ মূর্তির ডান হাতটি রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দিয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা আঁধার রাতের সুযোগ নিয়ে এই নোংরা কাজ করেছে। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারেস্থ হচ্ছেন তাঁরা। পাশাপাশি পুরো বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হচ্ছে।
প্রসঙ্গত, অনন্ত মহারাজের কুকথার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজির অবমাননা রুখতে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং প্রতিটি বিধানসভায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়ের মতে, মুখ্যমন্ত্রীর সেই কঠোর বার্তার পরেই এই ধরণের ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। পুলিশ আপাতত পুরো ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
