ষষ্ঠী থেকে বন্ধ সোনাঝুরি হাট! কী এমন ঘটল শান্তিনিকেতনে? – এবেলা

এবেলা ডেস্কঃ
এবার দুর্গাপুজোর দিনগুলিতে বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হস্তশিল্পীদের জনপ্রিয় খোয়াই হাট। অতিরিক্ত পর্যটকের ভিড় সামাল দেওয়া এবং জঙ্গলের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতেই স্থানীয় প্রশাসন, বন দপ্তর এবং হাট কমিটি এই যৌথ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাট সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই সময়কালে জঙ্গল সাফাইয়ের কাজে হাত লাগাবেন স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। তবে হাট বন্ধ থাকলেও সোনাঝুরি জঙ্গলে আয়োজিত ঐতিহ্যবাহী হীরালিনী দুর্গোৎসবে যোগ দিতে পারবেন সকলেই।
সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই চত্বর। পুজোয় পর্যটকদের অতিরিক্ত চাপ ও জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই এই কদিন হাট বন্ধ রাখার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাট কমিটির সদস্য সুকেশ চক্রবর্তী জানিয়েছেন, পুজোর সময় ভিড় নিয়ন্ত্রণ করা আসাম্ভব হয়ে পড়ে, তাই পরিবেশ রক্ষার্থেই এই পদক্ষেপ। ইতিমধ্যে এই হাটের বৈধতা নিয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তা সত্ত্বেও পুজোর কদিন পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বাণিজ্যিক কার্যকলাপ স্থগিত রাখার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
