সাঁতরাগাছিতে সিগন্যালে থমকে লোকাল, প্রাণ হাতে নিয়ে লাইন ধরে হাঁটলেন যাত্রীরা – এবেলা

সাঁতরাগাছিতে সিগন্যালে থমকে লোকাল, প্রাণ হাতে নিয়ে লাইন ধরে হাঁটলেন যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

বুধবার দুপুরে সাঁতরাগাছি স্টেশনে ঢোকার মুখে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগের শিকার হলেন শয়ে শয়ে নিত্যযাত্রী। ট্রেন চলাচল সচল না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়েই রেললাইন ধরে হেঁটে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন বহু মানুষ।

রেল সূত্রে খবর, এদিন দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ সাঁতরাগাছি ঢোকার মুখে সিগন্যালে থেমে যায় ডাউন মেদিনীপুর লোকাল। একই কারণে সেটির পেছনে একে একে আরও তিনটি লোকাল ট্রেন আটকে পড়ে। ফলে দীর্ঘক্ষণ সিগন্যালেই থমকে থাকে মোট চারটি লোকাল ট্রেন। বারে বারে এই ধরনের বিভ্রাটে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ আটকে থাকার পর অনেকেই বিকল্প হিসেবে বাস, ক্যাব কিংবা বাইক ভাড়া করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

আচমকা এই ট্রেন বিভ্রাটের সঠিক কারণ এখনও অস্পষ্ট। তবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তাদের সিস্টেমে বড় কোনো ত্রুটি ছিল না। পূর্ব রেলের হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম খালি না থাকার দরুণ হয়তো এই ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে বলে প্রাথমিক অনুমান। প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *