সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! কোন কোন জেলায় লাল সতর্কতা? – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডের উপর অবস্থানরত পূর্বের নিম্নচাপটি কিছুটা দুর্বল হলেও বঙ্গোপসাগরের বুকে নতুন করে ফের একটি শক্তিশালী নিম্নচাপ অঞ্চল ঘনাতে শুরু করেছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ থেকে ১৮ অগাস্ট পর্যন্ত চলা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পরিস্থিতি গুরুতর হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বিশেষ করে সোমবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রবল বর্ষণের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ বিভিন্ন জেলায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে। সমুদ্র উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
