সিইসিকে হটাতে ফের উত্তপ্ত রাজনীতি, শুরু হয়েছে নতুন তোড়জোড়!

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে নতুন করে প্রস্তাব আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো। সাম্প্রতিককালে সংবিধানে ১৩১তম সংশোধনী বিলের বিরোধিতায় সাফল্য পাওয়ার পর উৎসাহিত হয়ে সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখতে ব্যর্থতা এবং প্রশাসনিক চাপের মুখে কাজ করার পাশাপাশি বিহারসহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনে অস্বচ্ছতার অভিযোগ এনেছেন বিরোধীরা।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র মতো প্রধান বিরোধী দলগুলোর জ্যেষ্ঠ সাংসদদের সমন্বয়ে এই নতুন প্রস্তাবের খসড়া তৈরি করা হচ্ছে। গত ৬ এপ্রিল কারিগরি কারণে আগের নোটিশ খারিজ হয়ে গেলেও, এবার আরও সুসংগঠিতভাবে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ২৮০ জন সাংসদের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন নোটিশ সংসদে পেশ করার সম্ভাবনা রয়েছে, যা আসন্ন কার্যদিবসগুলোতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে।
