সুজিত বসুর জামিন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি! কেন এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ
পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিনের শুনানি নিয়ে কলকাতা হাই কোর্টে তৈরি হলো নজিরবিহীন পরিস্থিতি। দীর্ঘ শুনানির শেষে যখন রায়দানের অপেক্ষায় ছিলেন সকলেই, তখনই আচমকা মামলা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সুজিত বসুর এই জামিন মামলার পরবর্তী শুনানি কোন বেঞ্চে হবে, তা এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই ঘটনায় হাই কোর্ট চত্বরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
কিন্তু ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন বিচারপতি? জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতির অনুপস্থিতিতে সুজিত বসুর এক আইনজীবী তাঁর চেম্বারে গিয়ে ব্যক্তিগত সচিবের কাছে মামলার ফাইল চেয়ে বসেন। বিচারপতির অনুপস্থিতে এমন আবদারকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছেন শুভ্রা ঘোষ। বিষয়টি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নজরেও এনেছেন। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভায় ১৫০ জন নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ১১ মে ইডি গ্রেপ্তার করেছিল তৃণমূল নেতা সুজিত বসুকে।
