সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি কবে, জানুন লেটেস্ট আপডেট!

পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে জানা গেছে, রাজ্য সরকার বুধবার শীর্ষ আদালতে একটি হলফনামা পেশ করে জানিয়েছে যে, বকেয়া ডিএ-র প্রথম কিস্তিতে প্রায় ৬ হাজার কোটি টাকা ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে। তবে বাকি বকেয়া পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
আদালতে রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং প্রশাসনিক জটিলতার কারণে ডিএ প্রদানের কাজ ধীরগতিতে চলছে। বিশেষ করে ২০১৬ সালের আগের কর্মীদের নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ এবং পুরনো পেনশনভোগীদের হিসেব মেলাতে সময় লাগছে। এছাড়া ডিএ প্রদানের জন্য তৈরি বিশেষ পোর্টালটি পুরোপুরি কার্যকর করতেও বাড়তি সময়ের প্রয়োজন। আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, কেন্দ্রের গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী কাজ চলছে এবং এপ্রিল মাসের শেষ নাগাদ এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ৬ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই শুনানির আগে অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের হলফনামা নিয়ে আপত্তি থাকলে, তা পুনরায় হলফনামার মাধ্যমেই আদালতে জানানো যাবে।
