মাত্র দুটি রসগোল্লার জন্য নাবালককে জ্বলন্ত তন্দুরে নিক্ষেপ, পৈশাচিকতায় স্তব্ধ দেশ!

উত্তরপ্রদেশের বস্তি জেলায় একটি বিয়েবাড়িতে খাবারের কাউন্টার থেকে বারবার রসগোল্লা নেওয়াকে কেন্দ্র করে ১১ বছরের এক শিশুকে জ্বলন্ত তন্দুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ক্যাটারিং কর্মীর বিরুদ্ধে। দ্বিতীয় শ্রেণির ছাত্র চমন বর্তমানে লখনউ মেডিক্যাল কলেজে শরীরের ওপরের অংশ মারাত্মকভাবে ঝলসে যাওয়া অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই নৃশংস ঘটনায় শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ঘটনার দিন বুধবার বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নেওয়া নিয়ে ওই ক্যাটারিং কর্মীর সঙ্গে শিশুটির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগের মাথায় অভিযুক্ত কর্মী শিশুটিকে তুলে নিয়ে জ্বলন্ত তন্দুরের চুল্লিতে ফেলে দেয়। ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য জোর তল্লাশি চালাচ্ছে। তুচ্ছ কারণে শিশুটির ওপর এই পৈশাচিক হামলায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
