সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় বাদ গেল পা! অভিষেক সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা মালতী বিশ্বাস হাঁটু ব্যথার উপশম পেতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্পে গিয়েছিলেন। অভিযোগ, সেখানকার দেওয়া ওষুধ খেয়ে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। পরবর্তীতে একাধিক হাসপাতাল ঘুরে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা কেটে বাদ দিতে হয়। এই মর্মান্তিক পরিণতির পর রবীন্দ্রনগর থানায় অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভুক্তভোগীর পরিবারের দাবি, বিষয়টি নিয়ে সেবাশ্রয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়েই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, এই ক্যাম্পের বিরুদ্ধে হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ আগেই উঠেছিল। মালতী দেবীর ঘটনা সেই অভিযোগের পালেই হাওয়া দিল।
