স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান? হাসপাতালের নতুন নিয়মে মিলবে বড় স্বস্তি! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যবাসীর চিকিৎসায় বিভ্রান্তি দূর করতে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর। যাঁদের নাম এনএফএসএ ডেটাবেসে রয়েছে কিংবা যাঁদের আয়ুষ্মান ভারত কার্ড এখনও তৈরি হয়নি বা ই-কেওয়াইসি যাচাই প্রক্রিয়া চলছে, তাঁদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, হাসপাতালে রোগী ভর্তির সময় প্রথমে দেখতে হবে তিনি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য কি না। কার্ড থাকলে সেই প্রকল্পের মাধ্যমেই চিকিৎসা শুরু করতে হবে, অন্যথায় স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা পাবে রোগী।
হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, পোর্টালে আধার নম্বর দিয়ে রোগী যাচাই করতে হবে এবং কোনো সমস্যা হলে স্ক্রিনশট আপলোড করে স্বাস্থ্যসাথীর বিকল্প বেছে নিতে হবে। যদি কোনো রোগীর নাম স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনো তালিকাতেই না থাকে, তবে অবিলম্বে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আবেদনপত্র পূরণ করাতে হবে। সরকারের এই স্পষ্ট নির্দেশিকায় সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত দীর্ঘদিনের দুশ্চিন্তা ও বিভ্রান্তি অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
