হায়দরাবাদে যশের ‘টক্সিক’ ইভেন্টে ট্র্যাজেডি: সাউন্ড বক্স ভেঙে আহত ২, মাঝপথেই ভাষণ থামালেন তারকা! – এবেলা

এবেলা ডেস্কঃ
হায়দরাবাদের মাল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টক্সিক’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণী তারকা যশ যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই হাজার হাজার অনুরাগী ও পড়ুয়াদের ভিড়ের চাপে সাউন্ড বক্সের একটি ভারী কাঠামো দর্শকদের ওপর ভেঙে পড়ে। এতে অন্তত দু’জন পড়ুয়া গুরুতর আহত হন এবং এক তরুণী জ্ঞান হারান। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি নজরে আসতেই সাথে সাথে নিজের বক্তব্য থামিয়ে দেন যশ। মঞ্চ থেকেই আয়োজকদের কাছ থেকে আহতদের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন এবং ভিড়কে সতর্ক হয়ে নিরাপদে থাকার অনুরোধ জানান। এমনকি অন্য বেশ কয়েকজন পড়ুয়াকে কাঠামোর ওপর থেকে নেমে আসার আবেদন জানান তিনি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এবং দর্শকরা নিরাপদ নিশ্চিত হওয়ার পরই ফের অনুষ্ঠান শুরু করেন অভিনেতা।
উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশের পাশাপাশি অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন চারান রাজ। ‘A’ সার্টিফিকেট প্রাপ্ত ছবিটি আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
