হাসপাতালে প্রেমিকার দেহ ফেলে চম্পট, তিলজলায় বার গায়িকা খুনে গ্রেপ্তার লিভ-ইন সঙ্গী ও চালক – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার তিলজলায় এক পানশালার গায়িকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবতীর দেহ হাসপাতালে ফেলে রেখে চম্পট দেওয়ার অভিযোগে তাঁর লিভ-ইন পার্টনার ও গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবতীর নাম চম্পা সেনাপতি। তিনি শহরের একটি পানশালার গায়িকা ছিলেন। সেই পানশালারই ব্যান্ড মাস্টার রাজা ওয়াসিম হোসেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরবর্তীতে তাঁরা তিলজলার একটি ফ্ল্যাটে লিভ-ইন করা শুরু করেন। দুজনে মিলে একটি পানশালার ব্যবসায়িক অংশীদারও হন। তবে রাজা বিবাহিত হওয়ায় এ নিয়ে তাঁর পরিবারে অশান্তি চরমে ওঠে। ফলে ইদানীং তিনি চম্পাকে এড়িয়ে চলছিলেন।
শনিবার রাজা তাঁর চালক মহম্মদ সাহিদকে নিয়ে তিলজলার ফ্ল্যাটে যান এবং ঘরে ঢুকে চম্পাকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই যুবতীর মৃত্যু হয়েছে বলে বুঝতে পারেন তাঁরা। এরপর ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে চম্পার দেহ ফেলে রেখে চম্পট দেন দুজনেই।
হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পরিবার তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগ, চম্পাকে হত্যা করে প্রমান লোপাটের জন্যই দেহটি ফেলে রেখে পালিয়েছিলেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিলজলা থানার পুলিশ রাজা ওয়াসিম হোসেন ও চালক মহম্মদ সাহিদকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
