হিমন্তের গোমাংস মন্তব্যে তোলপাড়, তৃণমূলের নিশানায় এবার নির্বাচন কমিশন!

কোচবিহারের জনসভায় গোমাংস বিক্রি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারক হিমন্ত বিশ্বশর্মা। কোচবিহার-১ ব্লকের ফলিমারির সভায় তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গোমাংস বিক্রি বন্ধ হয়ে যাবে। তৃণমূলের ‘আমিষ বিরোধী’ প্রচারের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। এই মন্তব্যকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও মানহানিকর আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের অভিযোগ, নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিজেপি বিভাজন তৈরির চক্রান্ত করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
অন্যদিকে, ধর্মীয় ইস্যুর পাশাপাশি জনসভায় অনুপ্রবেশ ও সীমান্ত সুরক্ষার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার জমি না দেওয়ায় পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতার বসানোর কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার সীমান্তে অনুপ্রবেশ রুখতে ‘ইলেকট্রিক ফেন্সিং’ বা বৈদ্যুতিক বেড়া বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্য ঘিরে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
